প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label মারুফ রায়হান. Show all posts
Showing posts with label মারুফ রায়হান. Show all posts

Friday, December 16, 2011

যুদ্ধদংশিতা || মারুফ রায়হান

পিতা ভাই প্রেমিক কিংবা বন্ধু
কেউই সহমর্মীর আলিঙ্গনে জড়ায়নি তোমাকে
অগ্রজ পুরুষের পাপের জন্যে ক্ষমা চাই
ক্ষমা করো বিদগ্ধ নারী
যুদ্ধের জীবন্ত স্মারক

‘বীরাঙ্গনা’ শব্দকে যারা করে তুলেছে বারাঙ্গনা
যে সমাজ তোমাকে ছুঁড়ে দিয়েছে অন্ধকারে
যে-পুরুষসমাজ তোমাকে করেছে করুণা
কুকুরের মতো শুধু শুঁকেছে শরীর
তাদের পাপের কোনো ক্ষমা নেই জানি
তবু আজ অপরাধবোধে ন্যুব্জ আমি
তোমার মুখের দিকে তাকানোর সাহস পাই না
শুধু ক্ষমা চাই

শুরু হয়ে গেছে ডিসেম্বরের বাঁধা উত্সব
উত্সবের পেছনে সারি সারি শব
একেকটি তোপধ্বনির নেপথ্যে লক্ষ নারীর ক্রন্দন
একেকটি উড্ডীন পতাকার পেছনে নয় মাসের বস্ত্রহীনতা
একেকটি আলোকসজ্জার অন্তরালে অনপনেয় অন্ধকার
ক্ষমা চাই

হে সম্মানিতা, হে যুদ্ধদংশিতা অগ্নিশুদ্ধ
পুরুষজাতক এই পাপীকে ক্ষমা করো
ক্ষমা চাই
সূত্র : আমার দেশ

Monday, October 3, 2011

মেঘপাপড়ির মতো আগুনের জেল্লা || মারুফ রায়হান

বাঙলার প্রকৃতির মতো একান্ত শরৎ আছে এ-আমারও
ব্যক্তিগত শরৎ- স্বরের; স্বর্গঘ্রাণময়, আর আশ্বিন-আসীন
শারদীয় আমার প্রান্তর ব্যেপে কাশবন, না আকাশবন!
মৃত্তিকা-উত্থিত শ্বেত শব্দ-অনুভূতিছোঁয়া হাওয়ার দুলুনি তার
বাগানের বা গানের নৃত্যছন্দ এনে দিল মুহূর্তে মুমূর্ষুকে!

আমার আকাশে ভেসে ভেসে আসে
মেঘপাপড়ির মতো সৃজনের খ- খ- আগুনের জেল্লা
মাশাআল্লা তখন বায়ু শিহরিত, নিঃশব্দ বাদ্যের বিত্ত ও বৈভবে
আর কী আশ্চর্য, শিউলিরা শুধু ফোটে- না ঝরার প্রতিজ্ঞায়
শেফালি আমাকে কাটে ফালি ফালি

আমার শরৎ-রথে চড়ে দেবী নয়, আসেন মানবী-বহুপ্রেম-বাহু
হৈমন্তী মন্ত্রণা তার ঠোঁটে-আমি মূক থাকি আমার অধরে
জেনেছি যে, শরতের শেষরাতে হবো আমি
নিজেই হেমন্ত!

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ