প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label বৃষ্টি. Show all posts
Showing posts with label বৃষ্টি. Show all posts

Thursday, July 26, 2012

বৃষ্টির ছড়া | ওয়াসিফ -এ-খোদা

চড়-থাপ্পড়? লাঠির বাড়ি?
কিংবা খেলো গাল?
তাই কি আকাশ আঁধার এমন
কালো মেঘের কাল!

বৃষ্টি এলে পাড়ার মাঠে
দুষ্টুগুলো খেলবে,
ঘোর বর্ষায় আনন্দিত
ময়ূর পেখম মেলবে।

০২.

বৃষ্টি নামছে নামুক
দাপিয়ে উঠোন চাতাল_
মাথাল মাথায় কৃষক
মাটির গন্ধে মাতাল।

উড়ূক বালাই খরা
শুচি সি্নগ্ধ ধরা
সোনা ধানের স্বপ্নে
ভাবনা আকাশ-পাতাল।

সূত্র : সমকাল

বৃষ্টি মেয়ে | অদ্বৈত মারুত

মেঘ,
দূরের দেশে
থেকে ভেসে
আসে হেসে
নেচে নেচে
হাওয়া দিলে
বেগ।

০২.

ঢাক গুড় গুড়
ঢাক গুড় গুড়
ঢাক,
মেঘের ভীষণ
রাগ!
মা বুঝি আজ
দেয়নি খেতে
পাট কলমির
শাক!

০৩.

মেঘের নাকি
বৃষ্টি মেয়ে
বৃষ্টি মানে জল
কাঁদলে আহা!
চুপ হয়ে যায়
মাঠের দূর্বাদল।

ব্যাঙ ভূত | আবেদীন জনী


ঢ্যাঙঢ্যাঙিয়ে হাঁটছে ভূতের ছেলে
ঠ্যাং ভেঙেছে লাফিং ঝাঁপিং খেলে
ঘ্যাঙঘ্যাঙিয়ে গাইছে আজব গান
ভুল হয়ে যায় হঠাৎ গানের টান।

ভুল হবে না? পেটটা ক্ষুধায় পোড়ে
মাথার মগজ ফনফনিয়ে ঘোরে
ঠ্যাং ভেঙে সে চুপটি মেরে বসা
উপোস থেকে শরীর কষাকষা।

ক্যাঁকক্যাঁকিয়ে ব্যথায় কাঁদে রোজ
ক্যামনে বলো করবে শিকার খোঁজ
আর চলে না, জীবনটা ছাই ছাই
খুঁজতে শিকার ছুটলো সে আজ তাই।

ঘাসের ঝোপে একটা ফড়িং পেলো
অমনি ধরে মচমচিয়ে খেলো
কী আনন্দ! গাইলো ঘ্যাঙর ঘ্যাং
ভূত ছেলেটা হঠাৎ কোলা ব্যাঙ!

সূত্র : সমকাল

আয় বৃষ্টি... | মোহসেনা জয়া

 বৃষ্টি দেখলেই তোমাদের তা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। ভিজতে ইচ্ছে করে। আসলে শুধু তোমাদেরই নয়; বড়দেরও তা করে। কিন্তু বড় বলে তারা তোমাদের কাছে মনের এই ইচ্ছেটার কথা বলতে চান না। বললে তাদের সঙ্গে যদি তোমরাও বৃষ্টিতে ভেজার বায়না ধরো! তা বলছিলাম কি, তারা কিন্তু তোমাদের ভালোর জন্যই বৃষ্টিতে যখন-তখন ভিজতে দিতে চান না। তোমরাও বৃষ্টি দেখলেই তাতে নেমে পড়ো না। বড়দের কথা মাথায় রেখো। তাদের বলো যে, তুমি বৃষ্টিতে ভিজতে চাও। বড়দের অনুমতি নিয়েই বৃষ্টিতে ভেজো।
বৃষ্টিদিনে তো পথেঘাটে পানি জমে থাকে। দেখো, এই পানিতে হুটহাট করে নেমে পড়ো না। অনেক রোগের জীবাণু কিলবিল করে এসব পানিতে।
বাইরে বের হওয়ার সময় মনে করে ছাতাটা নিয়ে বেরোবে। বড়দের মনে না থাকলে তুমিই মনে করিয়ে দাও। আর রেইনকোট থাকলে তা পরে বের হলে তো বৃষ্টি তোমার সঙ্গে বাহাদুরি করে কূল পাবে না।
আর একটু কাশি বা জ্বর হলেই ডাক্তারের কাছে যেও। দেখো আবার, জ্বর-সর্দি নিয়ে ঘরে বসে থেকো না।
গ্রামের বন্ধুরা, বৃষ্টিদিনে নদী খালে না নামাই ভালো। কারণ এ সময় নদী আর খালের পানিতে স্রোত থাকে। যে কোনো বিপদ ঘটে যেতে পারে কিন্তু।
বৃষ্টির সঙ্গে যদি ঝড় থাকে কিংবা বজ্রপাত হয়, তাহলে সেই বৃষ্টিতে ভিজতে যেও না।
ভেজা পথে হাঁটার সময় সাবধান থেকো, যেনো পড়ে না যাও।
আর বড়দের কথা মেনে চলো। তবে যারা এখনও বৃষ্টিতে ভেজোনি; তারা জলদি করে ভিজে নাও। বর্ষা কিন্তু আর বেশিদিন থাকবে না। 
সূত্র : সমকাল

বৃষ্টি | শাহজাহান মোহাম্মদ

 
বৃষ্টি ঝরে বৃষ্টি পড়ে
সকাল দুপুর সাঁঝে
কেউবা ছাতায় কেউবা ভিজে
ছুটছে তবু কাজে।

বৃষ্টি ঝরে বৃষ্টি পড়ে
মেঘের কোল বেয়ে
কোলাকুলি করছে ব্যাঙ
নতুন জল পেয়ে।

বৃষ্টি ঝরে বৃষ্টি পড়ে
ফুল পাখিরা দুলে
বৃষ্টি মেখে খোকাখুকু
শাপলা ফুল তুলে।

বৃষ্টি ঝরে বৃষ্টি পড়ে
বাদল মেঘের বোলে
স্বপ্ন নিয়ে খোকন সোনা
ঘুমায় মায়ের কোলে।

সূত্র : আমার দেশ

Sunday, July 8, 2012

বৃষ্টির ছড়া | ফররুখ আহমদ


বিষটি এল কাশ বনে
জাগল সাড়া ঘাস বনে,
বকের সারি কোথা রে
লুকিয়ে গেল বাঁশ বনে।
নদীতে নাই খেয়া যে,
ডাকল দূরে দেয়া যে,
কোন সে বনের আড়ালে
ফুটল আবার কেয়া যে।
গাঁয়ের নামটি হাটখোলা,
বিষটি বাদল দেয় দোলা,
রাখাল ছেলে মেঘ দেখে,
যায় দাঁড়িয়ে পথ-ভোলা।
মেঘের আঁধার মন টানে,
যায় সে ছুটে কোন খানে,
আউশ ধানের মাঠ ছেড়ে
আমন ধানের দেশ পানে।

Tuesday, May 17, 2011

এক পশলা বৃষ্টিতে ।। জহির রহমান


এক পশলা বৃষ্টিতে
ভিজিয়ে দিলো শহর
ক্লান্তিময়তা যত
কাটিয়ে প্রহর।
গ্রীষ্মের খরতাপের
তপ্তময় দুপুরে
মেঘের আড়ালে সূর্য হারায়
বৃষ্টি নামে ঝুপুরে।
এক পশলা বৃষ্টি
হয়ে গেল হৃদয়ে
মনেরি আঙ্গিনায় আছো তুমি
নীরালায় গোপনে।
ধরা ছোঁয়ার বাইরে
রাখবো তোমায়
সাজানো বাগানে
এ মনের আঙ্গিনায়।

মে ১৬, ২০১১

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ