প্রিয় পাঠক লক্ষ্য করুন

Thursday, October 11, 2012

বিশ্বাসের টাইটানিক ডুবে গেছে গত মধ্যরাতে | জিয়া রহমান


আমার বিশ্বাসের টাইটানিক ডুবে গেছে গত মধ্যরাতে
তাই আজ ভালবাসা অর্থহীন,
তোমার প্রেমোদ্যানে আজ ভিসুবিয়াসের সসার
তাই আজ ভালবাসা সঙ্গহীন।

ভালবাসা যদি মানুষকে দ্বিজ করেই সাজায়
তবে সে' ভালবাসা অন্তত তোমার নয়
তোমাকে ভালবেসে জীবন্মৃত হওয়া যায়
দ্বিজ হতে চাওয়া কেবলই প্রগলভতা
ভালবাসা কতটা আত্মঘাতি হতে পারে
অনুভূতিতে জিঘাংসার স্রোত কিভাবে হয় প্রবাহিত
তুমি তার কিছুমাত্র বোঝ না
অথচ আমাকে বুঝিয়ে তার পূর্ণতা দিলে।
আমার স্পর্শের নিবিড়তা মুছে গেছে
তাই আজ ভালবাসা ছন্নছাড়া,
তোমার শরীরে আজ পঙ্কিলতার আভাস
তাই আজ ভালবাসা বাস্তূহারা।

তোমাকে অস্থিরতার সুপেয় জলাশয় ভেবে
আমি যে জল টেনে নিয়েছিলাম বুকে
তোমার প্রস্থানে অকস্মাত্ চোখে পড়ে-
ওটা জল নয়, সায়ানাইডের ভারী সিরাপ
আমার চোখ, মুখ, ঠোঁট ঠুকরে খায়
তোমার দুর্বিনীত অবহেলার দাঁতালো হাঙর
আমার রসনার উপর ধীরলয়ে হেঁটে চলে
পতঙ্গের মিছিল- আমি অসাড়।
আমার প্রতীক্ষার প্রহরগুলো নির্বাসনে গেছে
তাই আজ ভালবাসা বিষাক্ত-কবিতা,
তোমার চোখে আজ বদলে-যাওয়া কাজল
তাই আজ ভালবাসা বিশ্বস্ত ভণিতা।।

Sunday, September 23, 2012

অতঃপর আমি | জিয়া রহমান




তোমার সমৃদ্ধ পাঁজর হতে ছুড়ে দেয়া ভালবাসা
আমি তোমার দুরভিসন্ধি চক্রান্ত ভেবেছিলাম
আমার একঘেয়ে একপেশে জীবনের দিকে তাক করা
ভালবাসার সনির্বন্ধতায় কপট দৃষ্টি ফেলেছিলাম
তোমার ভালবাসা তাই অধরাই থেকে গেছে ।

আমি স্বস্তির চাদরে অনুভূতিকে ঘুম পাড়িয়েছি
তোমার ভালবাসাকে ছড়িয়ে দিয়েছি
প্রথমত: চিরশূণ্য বাতাসে
ভেবেছি, বাতাসে বাতাসে তোমার স্পর্শ নিয়ে ঘুরে বেড়াব
বোঝাবো তোমাকে, ভালবাসা ছোঁয়া যায় না
এরপর তোমার ভালবাসাকে ছুড়েছি-
সমুদ্রের দিকে, অরণ্যের দিকে, নক্ষত্রের দিকে ।
একদিন সবিস্ময়ে হতাশ ও অবসন্ন হলাম !
দেখি, সবাই তোমার ভালবাসার অতি-অনাথ ভিক্ষুক হয়ে আছে !!
তোমার সামান্য মুখরতাহীন অলস প্রহরে
মাঝপথে আটকে দেয় সমুদ্র তার বুকের ঢেউ
অরণ্য মেলে ধরে না সবুজ আর
নক্ষত্রেরা অজ্ঞাতে হারিয়ে যায় ক্লান্ত শরীরে ।

অত:পর আমি, ভালবাসার নির্জলা তাপস হয়ে যাই ।
ছুড়ে দেয়া ভালবাসা খুঁজে তছনছ করি
পৃথিবীর মত সহস্র কোটি ব্রহ্মাণ্ড,
আমি ভালবাসা ছুঁতে পারি না ।। 



আকাশে আজ মেঘ চেপেছে | জিয়া রহমান



আকাশে আজ মেঘ চেপেছে
আশ্বিণীঝড়ের পূর্বাবাসে,
তাই বলে কি বাতাস লাগে
পথের ধারের দূর্বাঘাসে ?

মেঘের 'পরে মেঘ করেছে
সংসারের ঐ প্রবল বায়ে,
মেঘ কাটাতে ঝড় ঠেকাতে
কাটছে সময় প্রবল ঘা'য়ে ।। 






অন্তহীনের পথচলা | মিতা জাহান


পথে নেই কেউ !
চলেছে পথিকহীন পথে
দূর কোনো অজানায়
যাবে সে কোথা
অন্তহীন পথে.......
আসবে শুভ দিন
মিটাবে সে আশা
মনে মনে ভাবা
সবই যেন কল্পনার
চিত্রপটে আকা !
ভেবে ভেবে চিন্তা রেখা
পরে ছিল তার কপালে
এই বুঝি তার শেষ হলো আজ
অন্তহীনের পথচলা !



Sunday, September 16, 2012

বালিকা বেলা | সাবরিনা সিরাজী তিতির

বালিকা বেলা বড্ড টানে
নিয়ে চায় গভীর থেকে গভীরে
সে এক রঙিন দিনে হাসির মেলা

রেশমি চুড়ি রিনঝিন ,নূপুরের রুমঝুম
মাথায় গোলাপি ফিতে , কোঁচড় ভরা কৈশোর
কান পাতি সেই দূরে
গুনগুন করে ওঠে খেলার মাঠ ,মন খারাপের জানালা ,

অভিমানে ভিজে যাওয়া রুমাল মুখ গোঁজে
দস্যি কিশোরের বুক পকেটে
গোপন নালিশের রোদে উষ্ণ চিরকুট
আহা ! কি ভালোলাগায় ডুবে যাওয়া প্রহর

আমি আর আমার মিষ্টি বালিকা বেলা !

১২.০৯.১২

ভালবাসায় কিছু ভুল | জিয়া রহমান

দিনের যে অশিষ্ট আলোয়
তোমাকে দেখেছি কয়েকবার,
তাকে আজ ঘৃণা করতে শিখেছি।
আমার সময়েরা আজ অন্ধকার অধ্যুষিত,
তার রঙ সবুজ!
অন্ধকার সত্যের মতই সত্যি
দুবিনীত অথচ বঞ্চনা করে না।
ঐ যে নীল শার্টের মাঝের বোতামটা
এদিন যা বিসর্জিত ছিল তোমার খোঁপায়
লাগানো হয়নি আজও,
অনিচ্ছাকৃত নয়, হয়ত ভুল করেই।

সবিশেষ আরো অনেক ভুল,
প্রত্যহ অনেক ভুল হয়ে যায়!

ভালবাসায়
      কিছু ভুল থাকতে হয়,
      নইলে শুদ্ধ হয় না ভালবাসা।
ভালবাসায়
      কিছু ভুল করতে হয়,
      আত্মঘাতের সর্বনাশা ।।

বেশ তো আছি | মিতা জাহান



নির্জন একাকী বসে আছি নিরিবিলি,
কিছু চাওয়া কিছু পাওয়া
সবই যেন অতৃপ্ত বাসনা,
হেটে চলি একাকী
পথে নাহি মোর সঙ্গী
যেতে যেতে খানিকটা
উকি মারে কেউকেটা,
ভাবি বসে আনমনে
কেউ যদি হেসে বলে
কি রে কেমন আছিস ?
আমি বলি বেশ তো আছি !!


নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ